সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মোঃ আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:

 

মহাসড়কে চালক ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। বুধবার রাত থেকে জামালপুর-ঢাকা ও জামালপুর-টাঙ্গাইল রুটে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
 

বৃহস্পতিবার সকালে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোনো বাসই টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টার্মিনালে আসা যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েন।
 

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন সংগঠনের নেতারা।
 

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে একদল লোক ভাঙচুর চালায়। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর করা হয়। এ ঘটনার পর চালক ও শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ সৃষ্টি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শুভ বলেন, চালক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা সম্ভব নয়। মহাসড়কে বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনায় তারা উদ্বিগ্ন। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ইয়াহিয়া আল মামুন বলেন, বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি সমাধানে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা চলছে।
 

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক চলছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।