সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর

ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি:



ময়মনসিংহের গফরগাঁওয়ে ১৪ বছর বয়সী ছেলেকে জিম্মি করে এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ভাঙচুরের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরআলগী ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি ও তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে রোবেল মাস্টার (৪৫) ও লিয়াকত আলী আকন্দের (৪০) নেতৃত্বে স্থানীয় ২০ থেকে ৩০ জন ব্যক্তি একত্র হয়ে অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
 

স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী আকন্দ বলেন, এমন ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। এ ধরনের অপরাধের বিচার না হলে সামাজিক নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়বে।
 

চরআলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রোবেল মাস্টার বলেন, ঘটনাটি এলাকার সামাজিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়দের উদ্যোগে চরআলগী ব্রিজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
 

এদিকে, ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে গফরগাঁও থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন—শরীফ (২৩), তার ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। পুলিশ ইতোমধ্যে রাজীব নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

গফরগাঁও থানার ডিউটি অফিসার এসআই মোরাদ খান বলেন, অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।