রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
স্বার্থ ও ব্যস্ততার এই সময়ে যখন বন্ধুত্বের সম্পর্ক অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে, ঠিক তখনই কুমিল্লার মুরাদনগরে দেখা মিলেছে এক ব্যতিক্রমী মানবিকতার নজির। বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একসঙ্গে মাথা ন্যাড়া হয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন ১০ তরুণ। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
জানা যায়, উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের খৈয়াখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক দীর্ঘদিন ধরে মাথার ত্বকের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে মাথার চুল ফেলে দিতে হয়।
এ অবস্থায় বন্ধুকে একা না রেখে তার পাশে দাঁড়াতে এগিয়ে আসেন তার ঘনিষ্ঠ বন্ধুরা। গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি সেলুনে গিয়ে সজীবের সঙ্গে সংহতি প্রকাশ করতে একে একে নিজেদের মাথার চুল ফেলে দেন আরও ৯ বন্ধু। এতে সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এই ব্যতিক্রমী উদ্যোগে অংশ নেন কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।
বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে এবং সবসময় পাশে থাকার বার্তা দিতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, “এমন নিঃস্বার্থ বন্ধুত্ব এখন খুব কমই দেখা যায়। এটি সমাজের জন্য ইতিবাচক ও অনুকরণীয় একটি দৃষ্টান্ত।”
বন্ধুদের এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে সজীব তাদের সম্মান জানাতে আয়োজন করেন একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে একটি খাসি, দ্বিতীয়জনকে একটি রাজহাঁস এবং তৃতীয়জনকে একটি দেশি মোরগ প্রদান করা হয়। এছাড়া অন্যান্য বন্ধুদের হাতে তুলে দেওয়া হয় হাতঘড়ি।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে প্রশংসার জোয়ার বইছে। অনেকেই বলছেন, মুরাদনগরের তরুণদের এই উদ্যোগ প্রমাণ করে—সত্যিকারের বন্ধু শুধু আনন্দের নয়, দুঃসময়েরও নির্ভরতার প্রতীক।







