বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২১:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে ছড়া ভরাট ও রাস্তা দখলের অভিযোগে প্রশাসনের পরিদর্শন

সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে ছড়া ভরাট ও রাস্তা দখলের অভিযোগে প্রশাসনের পরিদর্শন

সীতাকুণ্ড প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা-এ অবস্থিত জিপিএইচ ইস্পাত লিমিটেড-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, প্রাকৃতিক ছড়া ভরাট এবং সরকারি রাস্তা দখলের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন করেছে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর।

 

বুধবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অভিযোগ ওঠা স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পরিবেশ অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রাকৃতিক পানির প্রবাহ থাকা একটি ছড়া ভরাট করে কারখানার সীমানা সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন সরকারি রাস্তা এবং ইউনিয়ন পরিষদের রাস্তার কিছু অংশ দখল করে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

 

এলাকাবাসীর মতে, কারখানার কারণে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে এবং পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে প্রায় ৪০০ থেকে ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েন। এতে জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হচ্ছে এবং বিভিন্ন রোগব্যাধির ঝুঁকিও বাড়ছে বলে তারা অভিযোগ করেন।

 

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত জানান, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থান ঘুরে দেখা হয়েছে এবং ছড়া ভরাট ও রাস্তা দখলের বিষয়গুলো পরিমাপ ও যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

 

এ সময় আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি), সীতাকুণ্ড উপজেলা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা এবং জিপিএইচ ইস্পাত কারখানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।