বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৩:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শতবর্ষী ঐতিহ্যের টানে মুরাদনগরে মাছের মেলা, কোটি টাকার বেচাকেনায় উপচে পড়া ভিড়

শতবর্ষী ঐতিহ্যের টানে মুরাদনগরে মাছের মেলা, কোটি টাকার বেচাকেনায় উপচে পড়া ভিড়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

 

পহেলা বৈশাখ উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে বসেছে শতবর্ষী মাছের মেলা। বুধবার (১৫ এপ্রিল) ভোর থেকেই মেলায় নামে মানুষের ঢল। ক্রেতা, বিক্রেতা ও দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় প্রাণবন্ত উৎসবমুখর মিলনমেলায়।
 

মেলায় রুই, কাতলা, মৃগেল, চিতলসহ বড় মাছের পাশাপাশি পাঙ্গাস, গ্যাসকার্প, সিলভার কার্প, কালবাউশ এবং বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ যেমন চিংড়ি, টেংড়া, পাবদা ও শোলের ব্যাপক সমাহার দেখা যায়। আকার ও প্রজাতিভেদে প্রতি কেজি মাছ ৫০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হলেও ক্রেতাদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। সকাল থেকেই লাখ লাখ টাকার মাছ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
 

স্থানীয়দের মতে, বৈশাখ এলেই এই মেলা মুরাদনগরের সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। অনেকে সারা বছর অপেক্ষা করেন এই দিনটির জন্য। কেউ পরিবারের জন্য, আবার কেউ স্বজনদের উপহার বা অতিথি আপ্যায়নের উদ্দেশ্যে বড় মাছ সংগ্রহ করেন।
 

মেলায় মাছ কিনতে আসা বাবুল মিয়া বলেন, “প্রতি কেজি ৯০০ টাকা দরে দুটি বড় কাতলা কিনেছি। বছরের অন্য সময় এমন মাছ সহজে পাওয়া যায় না, তাই এই দিনের জন্য অপেক্ষা করি।”
 

তবে গত বছরের তুলনায় মাছের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। বিক্রেতাদের দাবি, পরিবহন ব্যয় ও শ্রমিক মজুরি বৃদ্ধির কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তবুও ঐতিহ্যের টানে ক্রেতাদের ভিড়ে কোনো কমতি নেই।
 

রামচন্দ্রপুর বাজারের ব্যবসায়ী সত্য সাহা বলেন, “দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা দরাদরি করে মাছ কিনছেন। পুরো মেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।”
 

মেলায় ঘুরতে আসা সিনিয়র সাংবাদিক সফিক সরকার জানান, এই মেলার সঠিক সূচনাকাল নির্ধারণ করা না গেলেও এর ইতিহাস শত বছরের বেশি পুরোনো। এটি শুধু বেচাকেনার স্থান নয়, বরং মুরাদনগরের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ প্রতীক।
 

পহেলা বৈশাখকে কেন্দ্র করে আয়োজিত এই মাছের মেলা প্রতি বছরই স্থানীয় মানুষের আবেগ, ঐতিহ্য ও উৎসবের এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবে নতুন করে প্রাণ ফিরে পায়।