প্রকাশকালঃ ৫ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৭:৪২ সময়

মো. হানিফ মিয়া, লালমনিরহাট প্রতিনিধি:
শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের লক্ষ্যে জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি শিক্ষকদের নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার চার্চ অব গড মিশন ক্যাম্পাস ভবনে জেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, শিক্ষার মান একদিনে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় এক বছরের মধ্যেই শিক্ষার মান ও ফলাফলে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, বিদ্যালয়ে কোনো অনিয়ম বা ভুলত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষকদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল হাজিরা ব্যবস্থাও কার্যকর করতে হবে। একই সঙ্গে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিদ্যালয়গুলোতে আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করা হবে জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, কোথায় কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেগুলোর মধ্যে সঠিক বা ভুল কী রয়েছে, তা দ্রুত মনিটরিং করা হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের বিষয়ে মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের বিশেষ নজর দিতে হবে। তাদের দুর্বলতা চিহ্নিত করে বাড়তি যত্ন ও উৎসাহ দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের এগিয়ে নিতে অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তিনি।
অতীতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনৈতিক ও অশ্লীল অপপ্রচারের নিন্দা জানিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, এ ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শের স্বাধীনতা থাকলেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও স্বার্থ রক্ষায় দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মাদকমুক্ত সমাজ গঠন ও কিশোর অপরাধ প্রতিরোধে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যুবসমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। এ সময় আগামী ১০ অক্টোবর থেকে লালমনিরহাটে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি।
সভা শেষে একটি সুন্দর, সমৃদ্ধ ও আলোকিত লালমনিরহাট গড়ে তোলার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, জেলার শিক্ষাব্যবস্থার বর্তমান দুর্বলতা কাটিয়ে পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মননীতা দাসসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।