প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ২:১৭ সময়

খেলা দেখতে আসা এক দর্শক নেইমারকে ‘মোটা’ বলায় তার সঙ্গে তর্কে জড়িয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। দেপের্তিভো রিকোলেটার সঙ্গে নেইমারের দল সান্তোস ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এই ম্যাচে একমাত্র গোলটি করেন নেইমার।
চোট থেকে ফেরার পর ভিলা বেলমিরো স্টেডিয়ামে প্রথম গোলটি করে সান্তোসকে এগিয়ে দেন। তবে প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া প্যারাগুয়ের দল ডিপোর্টিভো রেকোলেটা সমতা ফেরায়। ফলে সান্তোস গ্রুপ ‘ই’-তে তলানিতে নেমে যায়।
ইএসপিএন ব্রাজিলকে সাক্ষাৎকার দেওয়ার আগে নেইমার দর্শকদের কটুক্তির জবাবে ‘চুপ’ করার ইঙ্গিত দেন। পরে দলের ড্র নিয়ে তিনি বলেন, আমরা ভুল করেছি। আমরা সবাই ভুল করেছি, এটা হতেই পারে। আমার মনে হয় আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমরা ভালো খেলেছি, খারাপ খেলিনি। সমর্থকেরা নার্ভাস হয়ে পড়ে এবং আরও ভালো খেলার দাবি করে। কিন্তু আমাদের দল খেলছে এবং সুযোগ তৈরি করছে। আমি হতাশাটা বুঝি, তবে তাদের বুঝতে হবে—ফুটবল এমনই, কখনও কখনও বল জালে ঢোকে না।
সাইডলাইনে সাক্ষাৎকারের পর টানেল দিয়ে ফেরার সময় এক ভক্ত নেইমারকে মোটা বলেন। তিনি হাসতে হাসতেই বলছিলেন, তোমার আরও বেশি ট্রেনিং করা উচিত। তুমি মোটা হয়ে যাচ্ছ। নেইমার চলেই যাচ্ছিলেন। হঠাৎ ফিরে এসে ওই ভক্তকে বলেন, তুমি ঠিক.... এখন খুশি? আমি আমার সর্বস্ব দিয়ে যাচ্ছি। আমি তোমাকে তোমার খ্যাতির সময় দিচ্ছি।
নেইমার চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলার আশায় আছেন। তবে ২০২৩ সালের অক্টোবর থেকে চোটের কারণে তিনি জাতীয় দলের বাইরে। ২২ ডিসেম্বর তার বাম হাঁটুতে ছোট অস্ত্রোপচার হয় এবং সম্প্রতি আরেকটি ফলো-আপ প্রক্রিয়া সম্পন্ন করেছেন, যাতে তিনি জুনে বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারেন।