প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৬, রাত ১১:১৩ সময়

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ রয়েছেন এবং এই আন্দোলন কোনো দল বা জোটের নয়, বরং বাংলাদেশকে রক্ষা করার লক্ষ্যে পরিচালিত হবে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো রাজনৈতিক দলের ইস্যু নয়; এটি দেশের অস্তিত্ব ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষার বিষয়। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সে লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সব ক্ষেত্রে শহীদ পরিবার ও আন্দোলনকারীদের পাশে দাঁড়ানো সম্ভব হয়নি। তবে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে নানা প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে।
বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত হয়েছিল এবং বর্তমান সরকার সেগুলোর কিছু কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করছে। তবে অনেক ক্ষেত্রে অনীহা লক্ষ্য করা যাচ্ছে।
সভায় উপস্থিত শহীদ পরিবার ও আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ত্যাগ আমরা ভুলিনি। এবার আন্দোলনের সামনের সারিতে আমরা থাকব। প্রয়োজনে গুলিও আগে আমাদের বুকে লাগবে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন।”
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তির বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার প্রস্তুতি রয়েছে। “ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব,”—যোগ করেন তিনি।