প্রকাশকালঃ ১৫ এপ্রিল ২০২৬, রাত ৮:১২ সময়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবের অন্যতম অনুষঙ্গ পান্তা-ইলিশ হলেও কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের বর্ষবরণ আয়োজনে ইলিশের পরিবর্তে তেলাপিয়া মাছ পরিবেশনকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা।
জানা যায়, দেশে ইলিশের কোনো দৃশ্যমান সংকট না থাকা সত্ত্বেও প্রশাসনের আয়োজনে অতিথি আপ্যায়নে তেলাপিয়া পরিবেশন করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে—ঐতিহ্যবাহী এ আয়োজন থেকে কেন বাদ পড়ল ইলিশ।
সমালোচকদের মতে, পহেলা বৈশাখের উৎসবে পান্তা-ইলিশ শুধুমাত্র একটি খাবার নয়; এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও আবেগের প্রতীক। সে জায়গায় তেলাপিয়া পরিবেশনকে তারা ঐতিহ্যের অবমূল্যায়ন হিসেবে দেখছেন।
তবে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বাজেট, সহজলভ্যতা এবং বড় পরিসরের আয়োজন বিবেচনায় রেখে বিকল্প হিসেবে তেলাপিয়া বেছে নেওয়া হয়ে থাকতে পারে।
এ বিষয়ে সচেতন মহলের অভিমত, রাষ্ট্রীয় বা প্রশাসনিক আয়োজনে প্রতীকী দিকগুলোর গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এমন আয়োজনে জনগণের সাংস্কৃতিক প্রত্যাশার প্রতিফলন থাকা জরুরি।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে এখন প্রশ্ন উঠেছে—ঐতিহ্যবাহী উৎসবে প্রতীকী বিষয়গুলো উপেক্ষা করে বাস্তবতার যুক্তি কতটা গ্রহণযোগ্য, নাকি এ বিষয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।