শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:০৯:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

শরীয়তপুরে প্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে এনসিপির ডিম নিক্ষেপ

শরীয়তপুরে প্রবাসী আওয়ামী লীগ নেতার বাড়িতে এনসিপির ডিম নিক্ষেপ

শরীয়তপুর প্রতিনিধি:-

 

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা জাহিদ হাসানের গ্রামের বাড়িতে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চামটা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় কিছু নেতা-কর্মী এ ঘটনার নেতৃত্ব দেন।
 

জাহিদ হাসান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন। তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং নিউইয়র্ক ছাত্রলীগের সাবেক সভাপতি।
 

ঘটনার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির ফেসবুকে দুটি পোস্ট দেন। এক পোস্টে তিনি লেখেন, “বিদেশে টাকা পাচারকারী জাহিদের গ্রামের বাড়ি চামটার তেলিপাড়ায় গণভোজের আয়োজন হতে যাচ্ছে, সবাইকে আমন্ত্রণ।” অন্য পোস্টে তিনি উল্লেখ করেন, নিউইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির আখতার হোসেন ও ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর ডিম নিক্ষেপ করেছিলেন জাহিদ। তার মাধ্যমে আওয়ামী লীগের অনেক এমপি-মন্ত্রী বিদেশে অর্থ পাচার করেছেন বলেও তিনি অভিযোগ করেন এবং তাকে সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানান।
 

ফেসবুকে এসব মন্তব্যের পর এলাকায় উত্তেজনা দেখা দিলে মঙ্গলবার দুপুর থেকেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অবস্থান নেয়। বিকেলে জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমীন কিছু নেতা-কর্মীকে নিয়ে জাহিদের বাড়ির সামনে অবস্থান করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় এনসিপির কয়েকজন কর্মী বাড়িটিতে ডিম নিক্ষেপ করেন। এ সময় বাড়িতে জাহিদের বড় ভাইয়ের স্ত্রী, দুই ভাতিজা ও একজন গৃহকর্মী ছিলেন।
 

এ বিষয়ে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”
 

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধিদলের সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কয়েকজন নেতা-কর্মী। ওই ঘটনার নেতৃত্ব দেন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান।