রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় টিসিবির এক সরবরাহকারীর দোকানে গতকাল মঙ্গলবার দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও কয়েক শ মানুষ পণ্য কিনতে পারেননি। বিশৃঙ্খলা ও নিরাপত্তার কারণ দেখিয়ে পণ্য বিক্রি বন্ধ রেখেছিল আশরাফ ট্রেডার্স নামের ওই সরবরাহকারী। তবে আজ বুধবার সকাল থেকে সেখানে পণ্য বিক্রি শুরু হয়েছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে এক কোটি ‘পরিবার কার্ড’-এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে। ঢাকা উত্তর সিটির ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত পল্লবীর ওই দোকানে গতকাল থেকে মার্চের পণ্য বিক্রির কথা ছিল। কিন্তু বিশৃঙ্খলা ও নিরাপত্তার কারণ দেখিয়ে গতকাল বিকেল পর্যন্ত পণ্য বিক্রি করেননি টিসিবির ওই সরবরাহকারী। এ কারণে পণ্য কিনতে গিয়েও পণ্য না পেয়ে খালি হাতে ফেরেন কয়েক শ গ্রাহক।
তবে আজ সকাল থেকে সেখানে পণ্য বিক্রি করা হবে বলে গতকাল জানিয়েছিল আশরাফ ট্রেডার্সের মালিকের সহকারী গুলজার হোসেন। খোঁজ নিয়ে জানা যায়, আজ সকাল ৯টা থেকে সেখানে পণ্য বিক্রি শুরু হয়েছে।







