চলতি বছরের প্রথম প্রান্তিক জানুয়ারি-মার্চে পরিচালন মুনাফায় ধস নামায় স্যামসাং ইলেকট্রনিকস মেমোরি চিপ উত্পাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটির পরিচালন মুনাফা ৯৬ শতাংশ কমেছে।
মেমোরি চিপ তৈরির বিখ্যাত প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস বলেছে, বৈশ্বিক অর্থনীতিতে মন্থরতা ও কোভিড–১৯ মহামারির পরে চিপের চাহিদা কমার কারণে তাদের বিক্রি দ্রুত হ্রাস পেয়েছে। সে জন্য মেমোরি চিপের উত্পাদন কমানো হচ্ছে। খবর বিবিসির
দক্ষিণ কোরিয়ার বহুজাতিক কোম্পানি স্যামসাং ইলেকট্রনিকস করপোরেশন জানিয়েছে, প্রাথমিকভাবে দেখা গেছে যে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে তাদের অপারেটিং প্রফিট বা পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি কোরীয় উন কমেছে। আগের বছরের একই প্রান্তিকে পরিচালন মুনাফার পরিমাণ ছিল ১৪ ট্রিলিয়ন বা ১৪ লাখ কোটি উন।
এদিকে চিপ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও স্যামসাং ইলেকট্রনিকস করপোরেশনের শেয়ারের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে। কোম্পানিটি বলেছে, ‘আমরা মেমোরি চিপ উত্পাদন কমিয়ে সেটাকে একটি অর্থপূর্ণ পর্যায়ে নামিয়ে আনছি। আমরা চিপের সরবরাহ সুরক্ষিত রাখতে চাই।’








