সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্সের কাছে অবস্থিত ইউনিয়ন আইল্যান্ড হারিকেন বেরিলের তীব্র আঘাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। ঝড়টিতে দ্বীপের সকল ঘরবাড়ি ভেঙে গেছে, বাস্তুচ্যুত হয়েছে সকল বাসিন্দা। দ্বীপবাসী ক্যাথরিনা এক ভিডিও বার্তায় বলেছেন, "ঝড়ের পর ইউনিয়ন আইল্যান্ড ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। প্রায় সকলেই গৃহহীন। কোনো বাড়িই টিকে নেই। রাস্তাঘাট বন্ধ, বিদ্যুতের লাইন ছিঁড়ে গেছে। আমার সবকিছুই চলে গেছে। এখন থাকার জায়গাও নেই।"
১৯৮৫ সাল থেকে দ্বীপটিতে বসবাসকারী ক্যাথরিনা ২০০৪ সালের হারিকেন ইভানের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু বেরিলের তীব্রতা ছিল অনেক বেশি। তিনি বলেছেন, "মনে হচ্ছিল যেন এক টর্নেডো দ্বীপটির উপর দিয়ে চলে গেছে। ৯০% এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে।" আরেক বাসিন্দা ঝড়ের ভয়াবহতা বর্ণনা করে বলেছেন, "আমি স্ত্রী ও মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছিলাম। মনে হচ্ছিল এই রাতে আর বেঁচে থাকা সম্ভব নয়।"







