শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:৩২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •

ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে

ইবতেদায়ী শিক্ষকদের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী শিক্ষকদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে অংশ নিয়েছেন।
 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে শিক্ষাভবন মোড় হয়ে প্রতিনিধি দলটি সচিবালয়ের উদ্দেশে রওনা হয়। দলের নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান এবং সদস্য সচিব মাওলানা মো. আল আমিন।
 

জানা গেছে, প্রতিনিধি দলে নীলফামারী, চট্টগ্রাম, বগুড়া, ভোলা, নেত্রকোনা, পটুয়াখালী, ময়মনসিংহ, পিরোজপুর, সিরাজগঞ্জ, নওগাঁ, বরগুনা, সাতক্ষীরা ও গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার শিক্ষক নেতারা অংশ নিয়েছেন।
 

এর আগে সকালেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শুরু করার চেষ্টা করলে পুলিশ প্রেস ক্লাবের সামনেই ব্যারিকেড দেয়। সরেজমিনে দেখা যায়, শিক্ষক ও পুলিশের মধ্যে মুখোমুখি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে জলকামান ও রায়ট কারও উপস্থিতি লক্ষ্য করা যায়। পদযাত্রা আটকে দেওয়ায় প্রেস ক্লাব থেকে পল্টনমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
 

উল্লেখ্য, সোমবার (২০ অক্টোবর) চলমান অবস্থান কর্মসূচি থেকে শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান ঘোষণা দেন— যদি সরকারের পক্ষ থেকে দাবি পূরণের কোনো উদ্যোগ না আসে, তবে ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করা হবে।
 

শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন,

  • এমপিওভুক্তির লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো ১,০৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন,

  • অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ,

  • প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি,

  • এবং ইবতেদায়ী মাদ্রাসার জন্য পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা।
     

শিক্ষকরা আশা প্রকাশ করেছেন, সরকারের সঙ্গে বৈঠকে তাদের দাবির দ্রুত ও ইতিবাচক সমাধান আসবে।