প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৬, দুপুর ৪:০৫ সময়

মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ পুরস্কার অর্জন করেছে চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা। এ নিয়ে ১৮তম বারের মতো এ সম্মাননা লাভ করল প্রতিষ্ঠানটি।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “তরুণদের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।”
অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে মমতার পক্ষে জাতীয় শ্রেষ্ঠ বেসরকারি সংস্থার পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও সাবেক লায়ন জেলা গভর্নর আলহাজ মো. রফিক আহামদ। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও উপস্থিত ছিলেন।
শুধু জাতীয় পর্যায়েই নয়, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়েও ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে মমতা। বিভাগীয় পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন সংস্থাটির উপ-প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ এবং জেলা পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন মমতা মাতৃসদনের সিনিয়র কনসালট্যান্ট ডা. মোর্শেদা বেগম।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, চার দশকেরও বেশি সময় ধরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যসেবায় নিরলসভাবে কাজ করে মমতা দেশের অন্যতম আস্থাভাজন প্রতিষ্ঠান ও সরকারের সহযোগী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, ১৯৮১ সাল থেকে চট্টগ্রামে এ খাতে মমতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সরকারের এ স্বীকৃতি শুধু প্রতিষ্ঠানের নয়, বরং সমগ্র চট্টগ্রামবাসীর জন্য গর্বের বিষয়। এই অর্জনের অংশীদার চট্টগ্রামের মানুষও।