প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৬, বিকাল ৬:৫০ সময়

রাজশাহীর চারঘাট উপজেলায় ১৪ পিস ইয়াবাসহ মিনারুল ইসলাম (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মিনারুল ইসলাম উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের চকলক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় চারঘাট মডেল থানার একটি দল মিনারুল ইসলামের দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় একটি চকলেটের জারের ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, দলীয় পদে থেকে কেউ মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলে তা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এলাকার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এলাকায় ফিরে এলে বিষয়টি নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনারুল ইসলামকে ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।