প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৬, দুপুর ১:২৭ সময়

অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের চার মন্ত্রীর পরিবর্তনের দাবি জানিয়েছেন। মঙ্গলবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা খাতকে আরও গতিশীল করতে অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা প্রয়োজন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত তাঁর ওই পোস্টে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া (রিঅ্যাকশন) পড়ে। পাশাপাশি প্রায় ১ হাজার ৭০০ জন ব্যবহারকারী পোস্টটিতে মন্তব্য করেন।
এর আগে সোমবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সমালোচনা করেন। তিনি লেখেন, “শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা আগে, পরীক্ষা পরে। বন্যা পরিস্থিতি বিবেচনায় এইচএসসি ও আলিম পরীক্ষা নিয়ে দ্রুত ও মানবিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।”