প্রকাশকালঃ ১২ এপ্রিল ২০২৬, বিকাল ৫:১৭ সময়

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধসহ নানা কারণে দেশের মানুষ এক ধরনের উদ্বেগের মধ্যে রয়েছেন। এ অবস্থায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। “আমাদের লক্ষ্য—এই সময়ে কোনো পণ্যের দাম যেন না বাড়ে। সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে,” যোগ করেন তিনি।
ভোজ্যতেলকে একটি সংবেদনশীল পণ্য উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এর দাম বাড়লে সাধারণ ভোক্তারা সরাসরি প্রভাবিত হন। তাই নিয়মিত বিরতিতে সরবরাহ, আমদানি ও বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তবে সর্বশেষ বৈঠকে দাম বাড়ানোর মতো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তারা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেয়।
তবে প্রস্তাবটি যাচাই-বাছাই শেষে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যৌথভাবে আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে রোববার অনুষ্ঠিত দু’দফা বৈঠকে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর জন্য মূল্য না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের লক্ষ্যে কিছু সুবিধা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।