প্রকাশকালঃ ১১ এপ্রিল ২০২৬, বিকাল ৬:৩০ সময়

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে একটি পক্ষপাতমুক্ত তালিকা প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তালিকা চূড়ান্ত হলেই দেশব্যাপী সমন্বিত অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, চাঁদাবাজি দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং অভিযানে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হবে।
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি আলোচিত ঘটনার অগ্রগতির তথ্যও তুলে ধরা হয়। র্যাব জানায়, গত ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী, মানবপাচারকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব অভিযানে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক ব্যবসায়ীর কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এছাড়া পতেঙ্গা উপকূলে একটি ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব কর্মকর্তারা আরও জানান, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চাঁদাবাজিসহ সংগঠিত অপরাধ নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।