প্রকাশকালঃ ২৫ মে ২০২৬, রাত ১:০৫ সময়

গাইবান্ধার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে সাকোয়া ব্রিজের মাঝামাঝি ঝিলবান্ধা এলাকায় সড়কের পাশে ভেঙে পড়া একটি গাছের ডালকে কেন্দ্র করে চরম ঝুঁকির মধ্যে চলছে যানবাহন চলাচল। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, প্রায় ১৫ দিন আগে ঝড়ের সময় ব্যক্তিমালিকানাধীন একটি বড় গাছ আংশিক ভেঙে পড়ে। এর একটি ঝুঁকিপূর্ণ অংশ এখনো সড়কের উত্তর পাশ ঘেঁষে ঝুলে রয়েছে। ফলে ওই স্থান দিয়ে ওভারলোড ট্রাক, যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়রা জানান, গাছের ভাঙা অংশ এড়িয়ে চলতে গিয়ে চালকদের অনেক সময় বিপরীত লেন ব্যবহার করতে হচ্ছে। এতে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। পর্যাপ্ত যানবাহনের অভাবে অনেক যাত্রী বাস ও ট্রাকের ছাদে চড়ে বাড়ি ফিরছেন। এমন অবস্থায় ঝুঁকিপূর্ণ গাছের ডালটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
বিষয়টি মানবিক দিক বিবেচনায় বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানকে মোবাইল ফোনে অবহিত করা হলে তিনি দ্রুত গাছটি অপসারণের আশ্বাস দেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলী ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল দ্রুত ঝুঁকিপূর্ণ গাছের ডাল অপসারণ করে মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
