প্রকাশকালঃ ৩০ আগস্ট ২০২৬, রাত ৮:৫৯ সময়

আজিজুর রহমান, নোয়াখালী:
নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে আন্ডারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ক্যাম্পটির উদ্বোধন করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, শান্তি, শৃঙ্খলা ও অগ্রগতির প্রত্যয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সব সময় কাজ করছে। আন্ডারচর ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মানুষের নিরাপত্তা জোরদারে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। পাশাপাশি আন্ডারচরে একটি তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছরে আন্ডারচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধী চক্রের তৎপরতা বেড়ে যায়। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়। এমনকি এলাকার অপরাধপ্রবণতার কারণে বাইরের অনেক মানুষ আন্ডারচরে ছেলে-মেয়ের বিয়ে দিতেও অনাগ্রহ প্রকাশ করতেন বলে স্থানীয়রা জানান।
দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসী এলাকায় একটি স্থায়ী পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। প্রাথমিকভাবে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপিত হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। তাঁদের আশা, ক্যাম্পের কার্যক্রমের মাধ্যমে দ্রুত পুলিশি সেবা পাওয়া যাবে এবং অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা আরও জোরদার হবে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার নুরুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিয়াকত আকবরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।