প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৩৫ সময়

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৬৮ রান যোগ করেন হাসিনি পেরেরা ও ইমেশা দুলানি। এরপর ইমেশা দুলানি ও হানসিমা করুনারত্নে ৫২ রানের জুটি গড়লেও শেষদিকে ব্যাটিং ধসে পড়ে সফরকারীরা। শেষ ৪৫ রানে ৭ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে তাদের ইনিংস। দলের পক্ষে হানসিমা করুনারত্নে ৫৪ এবং ইমেশা দুলানি ৫২ রান করেন। বাংলাদেশের হয়ে রিতু মনি ৩টি এবং নাহিদা আক্তার ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৪ রানেই ৩ উইকেট হারায় দলটি। এরপর শারমিন আক্তার ও সোবহানা মোস্তারির দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজন মিলে ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। ৪১ রান করে সোবহানা মোস্তারি আহত হয়ে মাঠ ছাড়লে স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে রান তাড়া অব্যাহত রাখেন শারমিন।
জয়ের খুব কাছে গিয়ে ব্যক্তিগত ৮৬ রানে স্টাম্পিংয়ের শিকার হন শারমিন আক্তার। এরপর দ্রুত স্বর্ণা আক্তার, রিতু মনি ও রাবেয়া খান আউট হলে আবার চাপে পড়ে বাংলাদেশ। তবে শেষদিকে নাহিদা আক্তার ও সুলতানা খাতুন অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
এই জয়ে সিরিজে শুভ সূচনা করল বাংলাদেশ নারী দল।