প্রকাশকালঃ ১৭ এপ্রিল ২০২৬, রাত ১:০০ সময়

এইচ এম মাহফুজুর রহমান, স্টাফ রিপোর্টার:
হজ ফ্লাইট শুরুর প্রাক্কালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়েকোবাদ। বৃহস্পতিবার রাত প্রায় ৯টার দিকে তিনি ক্যাম্পে উপস্থিত হয়ে হজযাত্রীদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে ধর্মমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের যাত্রা প্রস্তুতি, থাকা-খাওয়া, চিকিৎসা সেবা ও নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি বিভিন্ন সেবার মান যাচাই করে কোথাও ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।
এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। হজযাত্রীদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, “হজযাত্রীরা আল্লাহর বিশেষ মেহমান। তাদের সেবা কেবল দায়িত্ব নয়, বরং ইবাদতের অংশ হিসেবে নিতে হবে। কোনোভাবেই যেন তারা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, হজযাত্রীদের নির্বিঘ্ন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, ধর্মমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শন হজ ব্যবস্থাপনায় তদারকি জোরদার ও সেবার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কাজ করবে।