প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৬, বিকাল ৫:২১ সময়

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ মো. সোলেমান (যুবক) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতার সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে দায়ের করা অন্তত ৮টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সোলেমানের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।