প্রকাশকালঃ ২০ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৪২ সময়

সৌদি আরবে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদান, পর্যটন ও জ্বালানি খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম দেশ। জনশক্তি রপ্তানির পাশাপাশি জ্বালানি ও পর্যটন খাতে দেশটির বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এসব খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের আহ্বান জানান তিনি।
সৌদি আরবে অবস্থানরত ৬৯ হাজার রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুর প্রসঙ্গ তুলে রাষ্ট্রদূত এই প্রক্রিয়া দ্রুততর করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই সাপেক্ষে ইতোমধ্যে ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে বাংলাদেশ থেকে একটি বিশেষ টিম পাঠানো হয়েছে। পাসপোর্ট ইস্যুতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যেসব মিয়ানমারের নাগরিকের কাছে বাংলাদেশি ডকুমেন্টস রয়েছে বা যারা নির্ধারিত শর্ত পূরণ করেছেন, তাদের দ্রুত পাসপোর্ট প্রদান করতে হবে। এ ক্ষেত্রে সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী জুলাই মাসের প্রথমার্ধে সৌদি আরব সফরের সম্ভাবনার কথা জানান।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।