প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬, রাত ৩:২৭ সময়

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে আলোচিত হাজীর মাজার বস্তি এলাকায় মধ্যরাতে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে এখন পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নেতৃত্বে এ যৌথ অভিযান শুরু হয়।
অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বস্তির বিভিন্ন গলি, বাসাবাড়ি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালান। এ সময় মাদক কেনাবেচা ও সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত সন্দেহে অন্তত ১৫ জনকে আটক করা হয়।
স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, টঙ্গীর হাজীর মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, এখানে প্রতিদিন বিপুল পরিমাণ মাদকদ্রব্যের লেনদেন হয়।
এসব মাদকের মধ্যে হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য রয়েছে বলে জানা গেছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।