প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৬, দুপুর ১:৫০ সময়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
★অভিযানে ধস্তাধস্তি; ২৫ পিস ইয়াবা উদ্ধার, সহযোগী ভাই নুরুল কৌশলে পালিয়ে যায়...
কুমিল্লার মুরাদনগরে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত আইনুল ডাকাতকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে দুই উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রবিবার দুপুরে তার বিরুদ্ধে নতুন করে ডাকাতি ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আনাল হক ওরফে আইনুল (৩৮) উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর গ্রামের করম আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্বাস কবির চৌধুরী, এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ, এসআই রুহুল আমিন এবং সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স সুবিলারচর গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় আইনুল পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তার আঘাতে এসআই আব্বাস কবির চৌধুরী ও এসআই রুহুল আমিন আহত হন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে আইনুলকে গ্রেপ্তারের খবর পেয়ে তার আপন বড় ভাই ও আন্তঃজেলা ডাকাত দলের আরেক সদস্য নুর ইসলাম ওরফে ‘নুরুল’ ডাকাত (৪৬) কৌশলে পালিয়ে যায়। নুরুলের বিরুদ্ধেও হত্যা ও ডাকাতিসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সুবিলারচর গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আইনুলকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনুলের বিরুদ্ধে পূর্বে হত্যা, ডাকাতি, চুরি ও মাদকসহ মোট ১৪টি মামলা রয়েছে। সাম্প্রতিক একটি ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে নতুন করে মাদক ও ডাকাতি মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।