প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৬, রাত ১১:৪৩ সময়

ঢাকা প্রেস-ডেস্ক নিউজ:
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পবিত্র লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। রমজান মাসের এই মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে পবিত্র কোরআন। মহান আল্লাহ তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। তিনি উল্লেখ করেন, এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।
তিনি আরও বলেন, এ রাতে ইবাদত-বন্দেগি, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ সৃষ্টি হয়। রমজান মাস সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। পবিত্রলাইলাতুল কদর-এর শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সবাই যেন এই রাতের তাৎপর্য অনুধাবন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে বেশি বেশি ইবাদত-বন্দেগি করেন এবং মানবকল্যাণে আত্মনিয়োগ করেন। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, পবিত্র লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত যেন সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতি অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে এগিয়ে যায়।
শেষে তিনি দোয়া করে বলেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।