প্রকাশকালঃ ৭ মে ২০২৬, বিকাল ৫:২৫ সময়

সিরাজুল ইসলাম রতন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে গৃহবধূ ববিতা বেগম হত্যা মামলার এক আসামিকে ঢাকার জসিমউদ্দীন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার র্যাব-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া আনারুল মোল্লা (৩০) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে। তিনি এ মামলার প্রধান আসামি হারুন মোল্লার ভাই।
র্যাব জানায়, গত ২৮ মার্চ পলাশবাড়ীর ঢোলভাঙ্গা বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ ববিতা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প ও র্যাব-১ এর যৌথ দল মঙ্গলবার রাতে ঢাকার জসিমউদ্দীন এলাকায় অভিযান চালিয়ে আনারুল মোল্লাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।