প্রকাশকালঃ ৭ মে ২০২৬, দুপুর ৪:৫৪ সময়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে আসায় মাঠপর্যায়ে দায়িত্বপালনরত সেনাবাহিনীকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীকে দীর্ঘ সময় মাঠে রাখার প্রয়োজন নেই। পুলিশ বাহিনী এখন আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ও কার্যকরভাবে দায়িত্ব পালন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকারের অধীনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সক্ষমতা ফিরে পেয়েছে বলেই ধাপে ধাপে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী প্রত্যাহারের পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই বাস্তবায়ন করা হবে। কোথায় কীভাবে দায়িত্ব হস্তান্তর হবে, তা যৌথভাবে নির্ধারণ করা হবে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চিহ্নিত অপরাধী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। সরকার কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, বিভিন্ন এলাকায় যৌথ বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার অভিযানের ফলে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে।