প্রকাশকালঃ ৫ মে ২০২৬, দুপুর ৩:৫২ সময়

মো. হারুন অর রশিদ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার পূর্ব চর ইছাকুড়ি এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর সেতু না থাকায় প্রায় ৩০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা। এ অবস্থায় শনিবার দুপুরে এলাকাবাসী একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্থানীয়ভাবে জানা গেছে, ফুলবাড়ি, গোয়াল গ্রাম ও পূর্ব চর ইছাকুড়িসহ আশপাশের কয়েকটি গ্রামে বসবাসকারী হাজারো মানুষ বছরের পর বছর ধরে সেতু সংকটে ভুগছেন। বর্ষা মৌসুমে নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা, আর শুষ্ক মৌসুমে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত অস্থায়ী বাঁশ বা কাঠের সাঁকো ব্যবহার করতে হয়। এসব ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে।
সেতুর অভাবে জরুরি সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণ—সব ক্ষেত্রেই ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান বলেন, স্বাধীনতার এত বছর পরও একটি সেতুর অভাবে পুরো অঞ্চল পিছিয়ে রয়েছে। তিনি জানান, স্থায়ী সেতু নির্মাণ হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।
একই দাবি জানান স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে চলাচল করতে হচ্ছে তাদের। রৌমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আলীও দ্রুত সেতু নির্মাণের দাবি জানিয়ে বলেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো এ এলাকাবাসীও উন্নয়নের সুফল প্রত্যাশা করে।
এ বিষয়ে রৌমারী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ভারপ্রাপ্ত প্রকৌশলী সৌরভ কুমার সাহা জানান, বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে সেতু নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।