প্রকাশকালঃ ১৬ মার্চ ২০২৬, রাত ১১:০৩ সময়

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগে পথচলতি মানুষের হাতে ইফতার প্যাকেট ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়।
সোমবার (১৬ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারের ইসলামী ব্যাংকের সামনে শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফীনের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইফতারের সময় ঘনিয়ে এলেও কর্মব্যস্ততার কারণে যারা তখনো রাস্তায় ছিলেন, তাদের অনেকেই এই মানবিক উদ্যোগে পেয়েছেন স্বস্তি ও আন্তরিকতার উষ্ণ স্পর্শ। ব্যস্ত পথচারীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়ার এই ছোট্ট আয়োজন মুহূর্তেই সৃষ্টি করে এক ভিন্ন চিত্র, যেখানে সহমর্মিতা আর মানবিকতার বার্তাই ছিল মুখ্য।
ইফতার বিতরণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খাঁজা মাসুম, ব্যবসায়ী আবু মুসা, হাজী বেলাল, কোম্পানীগঞ্জ সততা মেশিনারিজের স্বত্বাধিকারী রাসেল সরকার বাবু, ইসমাইল হোসেন মিনা এবং মুরগি ব্যবসায়ী ইমাম উদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, রমজান কেবল সংযম ও আত্মশুদ্ধির মাসই নয়, এটি মানুষে মানুষে সহমর্মিতা ও মমত্ববোধ জাগ্রত করারও সময়। সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কর্মব্যস্ততার কারণে বা আর্থিক সীমাবদ্ধতায় সময়মতো ইফতার করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো সমাজের সচেতন মানুষের নৈতিক দায়িত্ব।
তারা আরও বলেন, মানুষের কল্যাণে ছোট একটি উদ্যোগও সমাজে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে। রমজানের মানবিক শিক্ষা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
