প্রকাশকালঃ ১৩ মে ২০২৬, দুপুর ২:৩৭ সময়

সরকার ঘোষিত কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।
মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং তদূর্ধ্ব কর্মকর্তা, পাশাপাশি বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ, যার লক্ষ্য জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও রাজনৈতিক অঙ্গীকার পূরণ হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করতে হবে। জনগণের প্রতি সরকারের অঙ্গীকার বাস্তবায়নে সকলের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।
মন্ত্রী কর্মসূচির প্রতিটি ধাপের তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। তার মতে, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কী ধরনের সুবিধা পেয়েছে, তা স্বচ্ছভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা জরুরি।
তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে সহজভাবে অবহিত করতে হবে। শুধু অনলাইনভিত্তিক তথ্য নয়, মাঠপর্যায়ে দৃশ্যমান ও জনবান্ধব তথ্যপ্রকাশ নিশ্চিত করতে হবে। এতে জনগণের আস্থা বৃদ্ধি পাবে।
“আমি চাই এমন একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে উঠুক, যেখানে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবো, সরকারের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে এবং জনগণ তার সুফল পাচ্ছে,” বলেন মন্ত্রী।
সভায় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা।
