প্রকাশকালঃ ১১ মে ২০২৬, রাত ১২:০৩ সময়

রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ ধাপে ধাপে পূরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বিপিএম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অনেক পুলিশ কনস্টেবল দীর্ঘ ৪০ বছর চাকরি করেও পদোন্নতি ছাড়াই অবসরে যান। এ পরিস্থিতি বিবেচনায় বিশেষ নীতিমালার আওতায় সন্তোষজনক চাকরির রেকর্ডধারী সদস্যদের অবসরের সময় অনারারি পদোন্নতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আওতায় কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতির সুযোগ রাখা হবে।
তিনি আরও বলেন, অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য ওভারটাইম ভাতা চালুর বিষয়টি সরকার বিবেচনা করছে। বিশেষ নীতিমালার আওতায় ইন্সপেক্টর থেকে কনস্টেবল পদ পর্যন্ত সদস্যদের এ সুবিধা দেওয়া হতে পারে, যা তাদের মনোবল বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সহায়ক হবে।
পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালসমূহকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। পাশাপাশি প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উন্নত হাসপাতাল নির্মাণের উদ্যোগও নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশের বিভিন্ন ইউনিটের ভবন নির্মাণ ও আবাসন সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভূমি অধিগ্রহণসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত দুই মাসে দেশের পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অপরাধের ধরন ও মাত্রা পরিবর্তিত হয়েছে। তাই সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মানি লন্ডারিং প্রতিরোধে পুলিশ সদস্যদের আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ লক্ষ্যে যুগোপযোগী আইন প্রণয়নের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ সময় ‘মব কালচার’ প্রতিরোধে বিদ্যমান আইন সংশোধন ও প্রয়োজনীয় সংযোজনের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।