প্রকাশকালঃ ১৩ মে ২০২৬, দুপুর ২:১৯ সময়

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তা চাকরিতে যোগদানে অনাগ্রহ হিসেবে গণ্য হবে এবং নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।
এতে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখতে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। একই সঙ্গে ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতাও বহাল থাকবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
এর আগে দীর্ঘ আইনি লড়াই শেষে গত বছরের ১৮ ডিসেম্বর ২৭তম বিসিএসের ৬৭৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, ২০০৭ সালের ২১ জানুয়ারি বিএনপি সরকারের আমলে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে একই বছরের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই ফল বাতিল করে দ্বিতীয়বার মৌখিক পরীক্ষা নেয়। দ্বিতীয় মৌখিক পরীক্ষার ফল ২০০৮ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশ করা হলে তাতে ৩ হাজার ২২৯ জন উত্তীর্ণ হন এবং পরবর্তীতে তাদের নিয়োগ দেওয়া হয়।
প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক রিট দায়ের করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট ফল বাতিলকে বৈধ ঘোষণা করলে আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন। পরে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়।