প্রকাশকালঃ ৫ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৬ সময়

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন ও অগ্নিদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
সোমবার (৫ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপি নেতা ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল আলম ছোটন, জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বখতেয়ার উদ্দিন বকুলসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অগ্নিদুর্গতদের উদ্দেশে এমপি এনামুল হক এনাম বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গরিববান্ধব সরকারপ্রধান’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমানের উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।