প্রকাশকালঃ ৫ অক্টোবর ২০২৬, দুপুর ৩:৩১ সময়

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) মারা গেছেন। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্ট এলাকায় দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন। ২০২২ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। তার বাড়ি মাদারীপুরে। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে চেকপোস্টে দায়িত্ব পালনকালে আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য সন্দেহজনকভাবে চলাফেরা করা তিন যুবককে থামার সংকেত দেন। এ সময় তাদের একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চেকপোস্টের ইনচার্জ এএসআই হিরণ মিয়া তাকে ধাওয়া করেন। একই সঙ্গে আল আমিন মোটরসাইকেল নিয়ে অন্য দিক থেকে গিয়ে ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।
একপর্যায়ে আল আমিন মসজিদের পশ্চিম ফটকের দিকে এগিয়ে গেলে লিডার্স স্কুল অ্যান্ড কলেজের একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটির চালক ও স্টাফকে আটক করেন।
আহত আল আমিনকে দ্রুত উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
এ ঘটনায় বাসের চালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল আল আমিনের মৃত্যু হয়েছে। তার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।