প্রকাশকালঃ ২৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৫১ সময়

মোঃ হানিফ মিয়া, লালমনিরহাট প্রতিনিধি:
মাদকমুক্ত ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে স্টোরপাড়া হরিজন যুব সংঘের উদ্যোগে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় তিনি মাদকমুক্ত ও আলোকিত লালমনিরহাট গঠনে বাসফোর সম্প্রদায়ের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন এবং আয়োজনের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
লালমনিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ কিসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজমুল হোসেন প্রামাণিক, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাহিদ হাসান নির্ঝর।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের আয়োজন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি করে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের ওয়ানডে ফুটবল টুর্নামেন্টে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, বগুড়া ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট আটটি শক্তিশালী দল অংশ নিয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ সৃষ্টি হয়। উদ্বোধনী খেলা দেখতে লালমনিরহাট হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের পেছনে সার্বিক সহযোগিতা করেন লালমনিরহাট স্টোরপাড়া হরিজন কলোনির শ্রী শ্রী সার্বজনীন রাধাগোবিন্দ দুর্গা মন্দিরের সভাপতি শ্রী রাজু বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঘুগলু বাসফোর, বাংলাদেশ বাসফোর হরিজন কল্যাণ পরিষদ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা বড় চন্দ্র বাসফোর, উপদেষ্টা শ্রী বাটুল বাসফোরসহ ১৫টি বাসফোর সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার এই আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত, সম্প্রীতিপূর্ণ ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।