প্রকাশকালঃ ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১২ সময়

আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার পলবান্ধা ব্যাপারি পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পলবান্ধা ব্যাপারি পাড়া এলাকার হারজুল ব্যাপারির ছেলে সোহেল (৫০) এবং একই এলাকার রশিদ ব্যাপারির ছেলে রাজা (৪০)।
পুলিশ জানায়, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) জুনায়েদ হাসান ও সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল সোহেলের বাড়িতে অভিযান চালায়।
এ সময় সোহেলের শয়নকক্ষ থেকে বাদামি রঙের কসটেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে সোহেল ও রাজাকে গ্রেপ্তার করে পুলিশ।
ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।