প্রকাশকালঃ ২৬ জুলাই ২০২৬, রাত ১১:৫১ সময়

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২২ নম্বর ওয়ার্ডের হাজারীবাগ পার্কে অনুমোদনহীনভাবে মেলা বসানোর অভিযোগ উঠেছে। খেলার মাঠটিতে এই মেলা বা আয়োজনের কারণে স্থানীয় শিশু-কিশোরদের দৈনন্দিন বিনোদন ও খেলাধুলায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শিশুদের খেলাধুলার জন্য নির্ধারিত এই পার্কটির মাঝখানে বড় গেট ও ব্যানার টাঙিয়ে মেলা ও বাণিজ্যিক বিভিন্ন রাইড বসানো হয়েছে। গেটে "৩৬ জুলাই স্মৃতি উপলক্ষে শিশু-কিশোরদের বিনোদন ও আনন্দ মেলা-২০২৬" শিরোনামে ব্যানার দেখা যায়, যেখানে তত্ত্বাবধানে ‘আবু সাইদ বাবলু’র নাম উল্লেখ রয়েছে। পার্কের ভেতর নাগরদোলাসহ বিভিন্ন ধরণের মেলার সরঞ্জাম বসানোর কারণে শিশুদের খেলাধুলার উন্মুক্ত জায়গা দখল হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, হাজারীবাগ ও আশপাশের এলাকার শিশুদের খেলাধুলার জন্য পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। প্রতিদিন বিকেলে শত শত শিশু-কিশোর এখানে খেলাধুলা ও শারীরিক কসরত করতে আসে। কিন্তু মাঠ দখল করে মেলা বসায় তারা এখন খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় অভিভাবকরা জানান, "এমনিতেই শহরে খেলার মাঠের সংকট। যেটুকু জায়গা আছে, সেখানেও যদি বাণিজ্যিকভাবে মেলা বসানো হয়, তবে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাবে? সিটি কর্পোরেশনের উচিত অবিলম্বে খেলার মাঠ শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়া।"
ডিএসসিসি সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের মালিকানাধীন কোনো খেলার মাঠ বা পার্কে বাণিজ্যিক মেলা আয়োজনের জন্য সুনির্দিষ্ট নিয়ম ও পূর্বানুমোদনের প্রয়োজন হয়। পার্কের সার্বিক খেলার পরিবেশ ফিরিয়ে আনতে এবং অবৈধ মেলা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।