প্রকাশকালঃ ২৫ জুলাই ২০২৬, রাত ৮:৪৮ সময়

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
শনিবার (২৫ জুলাই) চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র, অসহায়, বিধবা, এতিম এবং বাস্তুচ্যুত পরিবারের সদস্যদের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২৩টি চা বাগানের শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নে সরকার শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, আবাসন এবং কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। একই সঙ্গে শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর উদ্যোগও অব্যাহত রয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।