প্রকাশকালঃ ২৩ জুলাই ২০২৬, রাত ১০:১৭ সময়

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস:
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বঙ্গভবনের একাধিক নির্ভরযোগ্য সূত্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বঙ্গভবন সূত্রে জানা গেছে, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের বিষয়টি রাষ্ট্রপতিকে জানানো হয়েছে। শুক্রবার দুপুর নাগাদ তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে তাঁর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠাবেন বলে একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো বার্তা দেওয়া হয়নি।
বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পদত্যাগের বিষয়ে ইতোমধ্যেই দলের উচ্চপর্যায় থেকে রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় বার্তা পৌঁছানো হয়েছে। সরকারের অভ্যন্তরেও রাষ্ট্রপতির এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কোনো সংশয় নেই বলে একাধিক সূত্রে জানা গেছে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হতে বিলম্ব হলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন মোঃ সাহাবুদ্দিন। দায়িত্বপালনকালেই তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তীতে যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে জরুরিভিত্তিতে তাঁর এনজিওপ্লাস্টি ও স্টেন্টিং (রিং বসানো) করা হয়।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করলে রাষ্ট্রীয় সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি রাজনৈতিক দল, সুশীল সমাজ ও আন্দোলনকারী ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে অভিভাবকত্ব প্রদান করেন এবং নতুন সরকারকে শপথ বাক্য পাঠ করান।