প্রকাশকালঃ ১১ এপ্রিল ২০২৬, দুপুর ১:৩৫ সময়

কুমিল্লার মুরাদনগরে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, এই পৈশাচিক ঘটনার প্রতিবাদ করায় শিশুটির মামার পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত যুবকের বাবার বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান অভিযুক্ত মেহেদী হাসানকে (২০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ওই গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে গোসল শেষে ঘরে ফেরার পথে অভিযুক্ত মেহেদী হাসান তাকে প্রলোভন দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত মেহেদী একই গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দুলালের ছেলে এবং শিশুটির দূরসম্পর্কের আত্মীয়।
ধর্ষণের বিষয়টি শিশুটি তার পরিবারকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগীর মামা এই ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের বাবা দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। অভিযোগ রয়েছে, হামলার একপর্যায়ে তিনি শিশুটির মামার পায়ের রগ কেটে দেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা চলছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক সংবাদমাধ্যমকে জানান:
"সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নজরে আসার পরপরই আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করি। ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"
ওসি আরও জানান, শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তার মামার ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই হামলায় জড়িতদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।