প্রকাশকালঃ ৯ এপ্রিল ২০২৬, দুপুর ১১:৫৫ সময়

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জৈনপুর এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কারকাজে নিম্নমানের ও পুরোনো ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে করে নির্মাণাধীন সড়কের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ সূত্রে জানা যায়, জৈনপুরে আব্দুল গফফার মেম্বারের বাড়ি থেকে মনাইকান্দি সোলেমান মিয়ার বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ ও সংস্কারকাজে শিডিউল অনুযায়ী প্রথম শ্রেণির ইট ব্যবহার না করে পুরোনো ও ভাঙা (৩ নম্বর) ইট ব্যবহার করা হচ্ছে। এতে সড়কটি দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদারদের যোগসাজশে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। এমনকি পুরোনো সড়ক থেকে উঠিয়ে আনা ইট পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এতে করে সরকারি অর্থের অপচয় এবং কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়রা আরও জানান, সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের প্রতিবাদ জানালেও ঠিকাদাররা একইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, বরাদ্দকৃত ভালো মানের ইট পরিবর্তন করে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, যা ভবিষ্যতে সড়কে গর্ত সৃষ্টি ও ভাঙনের ঝুঁকি বাড়াবে।
জানা গেছে, পিরোজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান নুরু এলাকার জনগণের দাবির প্রেক্ষিতে সড়কটির জন্য বাজেট অনুমোদন করান। পরে সোনারগাঁও পৌরসভার ঠিকাদার টিটু কাজটির টেন্ডার পেলেও, স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি সাব-কন্ট্রাক্টের মাধ্যমে কাজটি নিজের নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ উঠেছে।
এ অবস্থায় এলাকাবাসী আশঙ্কা করছেন, একাধিক ঠিকাদারের সম্পৃক্ততায় কাজটি সরকারি মানদণ্ড অনুযায়ী সম্পন্ন নাও হতে পারে। তারা সড়কটির গুণগত মান নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।