প্রকাশকালঃ ৩ জুন ২০২৬, দুপুর ৩:০২ সময়

এনডিটিভি
ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার সকালে পাঁচতলা ভবনের বেসমেন্টে অবস্থিত ‘মিকাসা ইন’ হোটেলের রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ রয়েছে। ঘটনার সময় সেখানে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা কয়েকজন বিদেশি রোগীসহ প্রায় ৪০ জন অতিথি অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অধিকাংশ অতিথি ঘুমন্ত অবস্থায় বিপদের মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অনেকেই প্রাণ বাঁচাতে আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে লাফিয়ে পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
হোটেলের রেস্তোরাঁর শেফ কেসার সিং জানান, সকাল আনুমানিক ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করার চেষ্টা করলে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, আগুনের তীব্রতা থেকে বাঁচতে কয়েকজন মানুষ ভবনের ওপরের তলা থেকে নিচে লাফিয়ে পড়ছেন।
নিহতদের পরিচয় শনাক্ত ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।