প্রকাশকালঃ ৩ জুন ২০২৬, দুপুর ১২:৫২ সময়

আজ বুধবার (৩ জুন), বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস। প্রতি বছরের মতো বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন সাইক্লিং সংগঠন সচেতনতামূলক কর্মসূচি ও সাইকেল র্যালির আয়োজন করেছে।
বিশ্ব সাইকেল দিবসের মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব এই বাহনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো। সাইকেল ব্যবহারের মাধ্যমে বায়ুদূষণ কমানো, যানজট কমানো এবং মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
এই দিবস প্রবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক লেসজেক সিবিলস্কি। তিনি সাইকেলের উপকারিতা তুলে ধরতে একটি আন্তর্জাতিক প্রচারাভিযান শুরু করেন। তার অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘের মাধ্যমে সাইকেলের জন্য একটি আন্তর্জাতিক দিবসের স্বীকৃতি অর্জন করা।
২০১৫ সালে একটি একাডেমিক প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই উদ্যোগ ধীরে ধীরে বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়। এর ধারাবাহিকতায় ২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। এ প্রস্তাবে তুর্কমেনিস্তান গুরুত্বপূর্ণ সমর্থন দেয় এবং প্রায় ৫৬টি দেশ সহপৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়।