প্রকাশকালঃ ৭ এপ্রিল ২০২৬, দুপুর ১২:১৪ সময়

অমোইয়া মেধির মতে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে তাঁর নিজ শহরে ডানপন্থি বিজেপি আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেওয়াটা একই সঙ্গে ধর্মীয় বাধ্যবাধকতা ও ব্যক্তিগত কৃতজ্ঞতার বিষয়। আগামী বৃহস্পতিবার রাজ্যটিতে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ২৯ মার্চ মধ্য আসামের মরিগাঁও জেলার জাগিরোডের উপকণ্ঠে সমাবেশে হাজার হাজার নারী-পুরুষের ভিড়ে মেধিও ছিলেন।
সোমবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বিজেপির জাতীয় সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি নিতিন নবীন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলোর উচ্ছ্বসিত প্রশংসা করেন। নবীনের দাবি, এসব প্রকল্প আসামের জনগণ, বিশেষ করে নারীদের উপকৃত করেছে। ৩৮ বছর বয়সী মেধি মনোযোগ দিয়ে বক্তৃতা শোনার সময় সম্মতিসূচক মাথা নাড়েন। তিনি আলজাজিরাকে বলেন, ‘এ সরকার নারীসহ সবার জন্য অনেক কিছু করেছে। আমি শুধু বিজেপিকেই ভোট দেব।’
মেধির মতো সমাবেশে উপস্থিত কয়েক ডজন নারী জানান, তারা একাধিক সরকারি প্রকল্পের সুবিধাভোগী। এর মধ্যে রয়েছে অরুণোদয়। এটি একটি সরাসরি সুবিধা হস্তান্তর প্রকল্প, যার অধীনে ১০ মার্চ প্রায় ৪০ লাখ নারী প্রত্যেকে ৯ হাজার টাকা করে পেয়েছেন। রাজ্যের ইতিহাসে এটি এ ধরনের সবচেয়ে বড় অর্থ দেওয়ার ঘটনা। এর মধ্যে এপ্রিলে অনুষ্ঠিত বিহু উৎসব উপলক্ষে তিন মাসের বোনাসও অন্তর্ভুক্ত ছিল। ভোট গ্রহণের ঠিক এক মাস আগে এ অর্থ দেওয়া হলো। ওই ভোটে বিজেপির প্রার্থী ৫৭ বছর বয়সী হেমন্ত বিশ্ব শর্মা টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করছেন।
২০২১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে হেমন্তের বিরুদ্ধে একটি কট্টর হিন্দু আধিপত্যবাদী এজেন্ডা (যা ‘হিন্দুত্ব’ নামে পরিচিত) এবং মুসলিমদের লক্ষ্য করে একটি বিদেশবিদ্বেষী প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। ২০১১ সালে পরিচালিত সর্বশেষ জনশুমারি অনুসারে, আসামের তিন কোটি ১০ লাখ জনসংখ্যার ৩৪ শতাংশই মুসলিম।
মোদির পদত্যাগ করা উচিত: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছেন, কলকাতায় পাকিস্তানের হামলার যে হুমকি ছিল, নরেন্দ্র মোদি কেন সে প্রসঙ্গে কথা বলেননি। টাইমস অব ইন্ডিয়া জানায়, গতকাল সোমবার নয়ডা জেলায় বক্তব্য দেওয়ার সময় মমতা বলেন, ‘আপনি নির্বাচনী প্রচারে এসে বাঙালিদের লক্ষ্যে পরিণত করেন; কিন্তু যখন পাকিস্তান বাংলাকে হামলার কথা বলে, তখন আপনার মুখে কোনো শব্দ থাকে না। আপনার উচিত পদত্যাগ করা।’