প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১১:৩৭ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগ পর্যন্ত, অর্থাৎ গতকাল সোমবার পর্যন্ত বিএনপির পাঁচ নেত্রী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির নেত্রীরা হলেন—নিলোফার চৌধুরী মনি, সানজিদা ইসলাম, নিপুণ রায় চৌধুরী, মাহবুবা রহমান এবং আন্না মিনজ। একই সময়ের মধ্যে মোট ৪৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জাতীয় সংসদে দলগুলোর প্রাপ্ত সাধারণ আসনের অনুপাতে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবেন ১টি আসন।
এদিকে, বিএনপির পাশাপাশি জামায়াত জোটের ১৩টি আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ও লেবার পার্টি (জামায়াত জোট) একটি করে মনোনয়নপত্র নিয়েছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে আগামী বুধবার ও বৃহস্পতিবার। এরপর ২৬ এপ্রিল আপিল দায়ের, ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি, ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের প্রাপ্ত আসনের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়, তাহলে সংরক্ষিত নারী আসনে ভোটের প্রয়োজন হবে না। এখন পর্যন্ত এ ধরনের আসনে ভোটগ্রহণের কোনো নজির নেই।