প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১২:৫০ সময়

কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক সেবনের পর বাবাকে মারধরের ঘটনায় আলী হোসেন (২২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলা সদর এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত আলী হোসেন একই এলাকার বাসিন্দা আবদুল আউয়ালের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। সর্বশেষ ঘটনার দিন রাতে মাদক সেবনের পর নিজের বাবার ওপর হামলা চালান তিনি।
ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আলী হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন জানান, মাদক সেবন করে জনশৃঙ্খলা বিঘ্ন ঘটানো এবং নিজ পিতাকে মারধরের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২০০ টাকা অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।