প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১:১৮ সময়

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হেল্প ডেস্ক স্থাপন করেছে রায়পুর পৌর ও রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার থেকে শুরু হওয়া পরীক্ষাকে কেন্দ্র করে রায়পুর মার্চেন্টস একাডেমির সামনে এ হেল্প ডেস্ক চালু করা হয়। সেখান থেকে পরীক্ষার্থীদের মাঝে কলম, বিশুদ্ধ পানি, টিস্যু ও স্যালাইনসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
এর আগে পরীক্ষার্থীদের সফলতা কামনায় একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় ২০০ শিক্ষার্থীর মাঝে রুটিন, ফাইল, স্কেল ও কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মনজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষার সময় এ ধরনের সহায়তা তাদের জন্য উপকারী হচ্ছে এবং এতে ভোগান্তি কমছে।
আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।